মাদক পাচার ঠেকাতে মালয়েশিয়ার বিমানবন্দরসহ দেশের প্রবেশ ও বহির্গমনপথের নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র ও পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে ১৭ দফা পরিকল্পনা তৈরি করেছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল বলেছেন, দেশের বিমানবন্দরগুলোতে প্রবেশ ও বহির্গমন নিরাপত্তাব্যবস্থায় এখনো কিছু দুর্বলতা রয়েছে। এসব জায়গায় আরও উন্নতি ও কড়াকড়ি প্রয়োজন।
নতুন পরিকল্পনা তিন ধাপে বাস্তবায়ন করা হবে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি এই পরিকল্পনায় পুলিশ, ইমিগ্রেশন বিভাগ, সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা, বিমান নিরাপত্তা বিভাগ এবং বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করবে।
সাম্প্রতিক সময়ে কয়েকজন মালয়েশিয়ান বিদেশে পৌঁছানোর পর মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঘটনায় সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ মাদক চক্র রয়েছে কি না, তাও তদন্ত করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে গ্রেপ্তার হওয়া মালয়েশিয়ান নাগরিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। তবে তদন্তের প্রয়োজনে মালয়েশিয়ার কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও জিজ্ঞাসাবাদের সুযোগ নিতে পারে।
সরকার বলছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে বিমানবন্দর ব্যবহার করে মাদক পাচার রোধে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থায় আরও কঠোরতা আনা হবে।