মালয়েশিয়ার জাতীয় দিবস উপলক্ষে রাজা সুলতান ইব্রাহিম এবং সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা।
মালয়েশিয়ায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের প্রকাশিত এক বিবৃতিতে রাজা চার্লস দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাজ্য ও মালয়েশিয়ার মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব বাণিজ্য, প্রযুক্তি এবং অন্যান্য যৌথ অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতা আরও গভীর করবে। বিশেষ করে ২০২৭ সালে দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তিকে সামনে রেখে এই সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে তিনি বিশ্বাস করেন।
পরিবেশ সুরক্ষায় দুই দেশের ভূমিকার কথা উল্লেখ করে ব্রিটিশ রাজা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে উভয় দেশ নেতৃত্ব দিয়ে যাবে। বিশেষ করে, আন্তর্জাতিক ‘ফরেস্ট, এগ্রিকালচার অ্যান্ড কমোডিটি ট্রেড ডায়ালগ’-এর মাধ্যমে টেকসই কৃষিপণ্য সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষুদ্র কৃষকদের জীবিকার মানোন্নয়নে যৌথ পদক্ষেপ অব্যাহত রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও যুক্ত করেন যে, কমনওয়েলথভুক্ত দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষুদ্র কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষা ও বন্ধুত্বের গভীর সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, যুক্তরাজ্য ও মালয়েশিয়ার দীর্ঘদিনের শিক্ষাগত মেলবন্ধন দুই দেশের জনগণকে আরও কাছাকাছি এনেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষমতায়িত করছে।
বিশ্বব্যাপী বর্তমান অনিশ্চয়তার সময়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পারস্পরিক ঐক্য ও শক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে রাজা চার্লস জানান, তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং’ এ অংশগ্রহণ করতে এবং যৌথভাবে একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করতে উন্মুখ হয়ে আছেন।