মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবসের কুচকাওয়াজ শেষে জনতার ভিড়ে মিশে গেলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কয়েকজন শিশুকে জড়িয়ে ধরলে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত মানুষ।
দাতারান পুত্রজায়ায় জাতীয় দিবসের মূল অনুষ্ঠান শেষে আনোয়ার প্রথমে পরিবেশনায় অংশ নেওয়া প্রায় ১ হাজার ৫০০ জনের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর তিনি প্রায় ৫০০ মিটার হেঁটে অনুষ্ঠানস্থলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দুই পাশে থাকা সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান এবং তাদের শুভেচ্ছা জানান। শিশুদের দেখলে কয়েকবার থেমে তাদের সঙ্গে কথা বলেন আনোয়ার ইব্রাহিম। কয়েকজন শিশুকে জড়িয়ে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় উচ্ছ্বসিত হয়ে ওঠে উপস্থিত জনতা।
অনুষ্ঠান শেষে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, দারুণ আয়োজন হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। অসাধারণ আয়োজন।’
এদিকে, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমাদ জাহিদ হামিদি এবারের জাতীয় দিবসের আয়োজনকে ব্যতিক্রমী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আগের বছরগুলোর তুলনায় এবার উদযাপন আরও ভালো হয়েছে। এতে মালয়েশিয়ানদের মধ্যে দেশপ্রেমের চেতনা বাড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।
এবারের ৬৯তম জাতীয় দিবসের প্রতিপাদ্য ছিল ‘মালয়েশিয়া মাদানি: কল্যাণ উপভোগ’। বর্ণিল কুচকাওয়াজ ও শোভাযাত্রায় সরকারি বিভিন্ন সংস্থা, নিরাপত্তা বাহিনী, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের ১০ হাজার ৮১৯ জন অংশ নেন।
অনুষ্ঠানে ছিল ৭৭টি কন্টিনজেন্ট, ২২টি মার্চিং ব্যান্ড, স্থল ও আকাশপথের ৩২৮টি যান ও সরঞ্জাম, নিরাপত্তা বাহিনীর কাজে ব্যবহৃত ১১২টি প্রাণী এবং ১১টি সাজানো ভাসমান যান। বর্ণিল এই আয়োজনের মধ্য দিয়ে দেশটির ৬৯তম জাতীয় দিবস উদযাপন করা হয়।