মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী পাঠানোর কার্যক্রম আগামী সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে কর্মী পাঠানোর এ প্রক্রিয়া ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, মালয়েশিয়ার হাইকমিশনার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।
দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে মোট দুই লাখ কর্মী নেওয়া হবে।
এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া। এ ক্ষেত্রে কর্মীদের কোনো ধরনের ব্যয় বহন করতে হবে না।
প্রতিমন্ত্রী বলেন, এই ১০ হাজার কর্মীকে ‘জিরো কস্টে’ নেওয়া হবে। তাঁদের পাঠানোর কার্যক্রমও সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে শুরু হবে।
সরকারের পক্ষ থেকে মালয়েশিয়াকে এলএনজি আমদানির বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছিল, বৈঠকে সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।