মালয়েশিয়ার পুদু ইউটিসি সেন্ট্রালের ইমিগ্রেশন অফিসে এক আবেদনকারীর সঙ্গে অসদাচরণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পোস্টের ঘটনায় পুলিশের কাছে প্রতিবেদন দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ-জেআইএম।
ভাইরাল পোস্টটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি খতিয়ে দেখে জেআইএম। এ সময় অফিসের সিসিটিভি ফুটেজ, সংশ্লিষ্ট নথি এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের বক্তব্য পর্যালোচনা করা হয়।
জেআইএম জানায়, পর্যালোচনায় ভাইরাল পোস্টে করা কয়েকটি অভিযোগের সঙ্গে সিসিটিভি ফুটেজ, নথি ও কর্মকর্তাদের বক্তব্যের মিল পাওয়া যায়নি।
২৫ আগস্ট দেওয়া এক বিবৃতিতে বিভাগটি বলেছে, প্রকৃত ঘটনা পরিষ্কার করতেই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়েছে। পরে এ বিষয়ে পুলিশের কাছে প্রতিবেদন দেওয়া হয়। তদন্তে রয়্যাল মালয়েশিয়ান পুলিশকে (পিডিআরএম) পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে জেআইএম।
জনসাধারণের অভিযোগ বা অভিজ্ঞতা জানানোর অধিকার রয়েছে বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ। তবে কোনো অভিযোগের সঠিক মূল্যায়নের জন্য সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়া জরুরি বলে মনে করে তারা।
জেআইএম আরও জানিয়েছে, জনগণের অভিযোগ স্বচ্ছতা, পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দেখা হবে। একই সঙ্গে ইমিগ্রেশন সেবাকে আরও পেশাদার ও জনবান্ধব রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।