কর আদায় আরও সহজ ও কার্যকর করতে বড় ধরনের সংস্কারের কথা ভাবছে মালয়েশিয়া সরকার। এর অংশ হিসেবে একটি একক কর সংস্থা গঠনের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে দেশটির বিভিন্ন সরকারি সংস্থা আলাদাভাবে করসংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করে। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে এসব কার্যক্রম একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার সুযোগ তৈরি হবে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য রাজস্ব আদায়ে দক্ষতা বাড়ানো, প্রশাসনিক জটিলতা কমানো এবং কর ব্যবস্থাপনায় সমন্বয় আরও জোরদার করা।
একটি একক কর সংস্থা গঠিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান আরও সহজ হতে পারে। একই সঙ্গে করদাতাদেরও সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ ও করসংক্রান্ত কাজ সম্পন্ন করতে তুলনামূলক কম ভোগান্তি পোহাতে হতে পারে।
এ ছাড়া একই ধরনের কাজ একাধিক সংস্থার মাধ্যমে পরিচালনার ক্ষেত্রে যে ধরনের দ্বৈততা তৈরি হয়, তা কমানো এবং কর পরিশোধে মানুষের নিয়ম মেনে চলার প্রবণতা বাড়ানোর বিষয়টিও প্রস্তাবের অন্যতম লক্ষ্য।
তবে একক কর সংস্থা গঠনের আগে বর্তমানে কর প্রশাসনের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি সংস্থার দায়িত্ব ও ভূমিকা কীভাবে পুনর্বিন্যাস করা হবে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করতে হবে।
রাজস্ব আয় বাড়ানো এবং দেশের আর্থিক অবস্থান আরও শক্তিশালী করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই মালয়েশিয়া সরকার এই কর সংস্কারের বিষয়টি বিবেচনা করছে।