মালয়েশিয়ার জোহর রাজ্যে বিভিন্ন মামলায় জব্দ করা প্রায় ৪ কোটি রিঙ্গিত মূল্যের মাদক ধ্বংস করেছে পুলিশ। এসব মাদক ১৯৯৯ সাল থেকে হওয়া ৪০ হাজার ২৬৯টি মামলায় আলামত হিসেবে জব্দ করা হয়েছিল।
জোহর পুলিশের উপপ্রধান ডেপুটি কমিশনার হু চুয়ান হুয়াত জানান, আদালতে নিষ্পত্তি হওয়া এসব মামলার আলামত হিসেবে জব্দ করা ৫৩২ দশমিক ৭৬ কেজি কঠিন মাদক এবং ১০ হাজার ৭২ লিটার তরল মাদক ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ধ্বংস করা মাদকের পরিমাণ প্রায় ১৩ লাখ ৯০ হাজার মানুষের ক্ষতি করার মতো ছিল।
পুলিশ জানিয়েছে, বিপুল পরিমাণ এসব মাদক মাদকদ্রব্য আইন ১৯৫২ এবং বিষ আইন ১৯৫২-এর বিভিন্ন ধারায় করা মামলার আলামত ছিল।
জোহর পুলিশের মাদক অপরাধ তদন্ত বিভাগ এ কার্যক্রম পরিচালনা করে। পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে মাদকগুলো নেগেরি সেমবিলানের বুকিত পেলানদুকের কুয়ালিতি আলম বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে ধ্বংস করা হয়।
পুলিশ জানায়, আদালতে নিষ্পত্তি হওয়া হাজারো মামলার মাদক আলামত সরিয়ে ফেলার পাশাপাশি পরিবেশের ক্ষতি না করে বিপজ্জনক এসব পদার্থ নিরাপদে ধ্বংস করাই ছিল এ কার্যক্রমের উদ্দেশ্য।