ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই ওঠে না। পার্লামেন্ট ভাঙবে না। তত্ত্বাবধায়কও হবে না। মঙ্গলবার ( ১৮ জুলাই ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের রাস্তায় ‘শান্তি ও উন্নয়ন শুভাযাত্রা’র পূর্বে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, এর বাইরে এক চুলও আমরা নড়ব না। যতই মারামারি, হুমকি-ধমকি দেয়া হোক না কেন- আওয়ামী লীগ কারও কাছে মাথা নত করে না।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি, বিএনপি, লুটপাট, চুরি, হত্যার বিরুদ্ধে খেলা হবে। বাংলাদেশে শয়তানের দলের আসল ঠিকানা বিএনপি। তাদের দফা নাকি একটা, আবার বলে ৩২টা। তাদের দফার ঠিক নেই, ঐক্যের ঠিক নেই। তারা বিদ্যুতের নামে খাম্বা দিয়েছে। এই সরকারের আমলে দেশের মানুষ শতভাগ বিদ্যুৎ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু সুন্দরভাবে সামাল দিচ্ছেন। কিন্তু বিএনপি ঘোড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না।
তিনি বলেন, এই সরকার পদ্মা সেতু দিয়েছে, মেট্রোরেল দিয়েছে, একদিনে একশ’ সেতু উদ্বোধন করেছে। সামনের মাসে আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন হবে। অক্টোবরে বঙ্গবন্ধু টানেল প্রধানমন্ত্রী ডিজিটাল মাধ্যমে উদ্বোধন করবেন।
সমাবেশে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। এ সন্ত্রাসী দল আজকে সকালে আমাদের মিরপুরে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা করেছে। মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। আমরা রাজপথে মোকাবিলা করব।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যদি অবাধ নির্বাচন বানচালের চেষ্টা করেন, আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা করার চেষ্টা করেন তাহলে আপনাদের পরিণাম হবে ভয়াবহ।
সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, পদযাত্রার নামে মিরপুরে যেভাবে ছাত্রদের ওপর হামলা করা হয়েছে, এতে বুঝা যায় তারা বাংলাদেশকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তাই, সন্ত্রাসের পথে না হেঁটে নির্বাচনের পথে হাঁটুন। অন্যথায় আপনাদের অস্তিত্ব থাকবে না।