জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় তাঁকে আটক করে অভিবাসন পুলিশ।
পরে ডনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
সিআইডির ঢাকা মহানগর পশ্চিম বিভাগের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানান, মামলার তদন্ত কর্মকর্তা এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষকে মামলার আসামিদের দেশত্যাগে বাধা দিতে জানিয়েছিলেন। এ বিষয়ে আদালতেরও নির্দেশনা ছিল।
সিআইডির এই কর্মকর্তা বলেন, আজ সকাল ছয়টার দিকে সৌদি আরবের একটি ফ্লাইটে ওঠার জন্য বিমানবন্দরে যান ডন। সেখানে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডের বাসায় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তখন তাঁর বয়স ছিল ২৫ বছর।
শুরুতে সালমান শাহর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়। পরে তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে তদন্ত করা হয়। তবে দীর্ঘ প্রায় তিন দশক পর গত বছর আদালতের নির্দেশে তাঁর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়।
সেই মামলায় অভিনেতা ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।