পারমাণবিক ফিউশন প্রযুক্তির উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে মালয়েশিয়া। এ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষক বিনিময়, যৌথ গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রণালয়ে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন চায়না ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ফিউশন এনার্জি প্রোগ্রাম এক্সিকিউশন সেন্টারের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চায়না ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ফিউশন এনার্জি প্রোগ্রাম এক্সিকিউশন সেন্টারের উপমহাপরিচালক ওয়াং মিন।
বৈঠকে পারমাণবিক ফিউশন প্রযুক্তির বর্তমান অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন দুই দেশের কর্মকর্তারা। পাশাপাশি এ প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমে মালয়েশিয়ার গবেষকদের অংশগ্রহণের সুযোগ নিয়েও আলোচনা হয়।
মালয়েশিয়ার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে পারমাণবিক ফিউশন প্রযুক্তি নিয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো আরও খতিয়ে দেখার সুযোগ তৈরি হয়েছে। মালয়েশিয়ার প্রয়োজন ও প্রস্তুতির স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে সহযোগিতার উপযুক্ত কাঠামো নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে।
এ উদ্যোগের মধ্য দিয়ে মালয়েশিয়া ও চীনের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিদ্যমান সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।