বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা এবং ফর্মুলা ওয়ানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্তেফানো দোমেনিকালির সঙ্গে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
এ সময় বাহরাইনের ক্রাউন প্রিন্স, দেশটির সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মালয়েশিয়ার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এ বছর সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে ফর্মুলা ওয়ান গালফ এয়ার বাহরাইন গ্রাঁ প্রি আয়োজনের ক্ষেত্রে বাহরাইন, ফর্মুলা ওয়ান ও আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশন (এফআইএ)কে সহযোগিতা করতে পেরে মালয়েশিয়া সম্মানিত বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এই সহযোগিতা শুধু একটি বিশ্বমানের ক্রীড়া আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে মালয়েশিয়া ও বাহরাইনের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও ঘনিষ্ঠ অংশীদারত্বের প্রতিফলন ঘটছে। একই সঙ্গে বড় আন্তর্জাতিক আয়োজন সফলভাবে করার ক্ষেত্রে মালয়েশিয়ার সক্ষমতা ও প্রস্তুতিও আরও একবার প্রমাণিত হচ্ছে।
তিনি বলেন, ফর্মুলা ওয়ান, এফআইএ, বিভিন্ন দল এবং বিশ্বের নানা প্রান্তের দর্শকদের সেপাংয়ে আবারও স্বাগত জানাতে মালয়েশিয়া প্রস্তুত। বিশ্বমানের অবকাঠামো, দক্ষ ব্যবস্থাপনা ও উষ্ণ আতিথেয়তার মাধ্যমে এই আয়োজনকে স্মরণীয় করে তোলার পাশাপাশি এ বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়া ও বাহরাইনের সম্পর্ক আরও জোরদার হবে।