জ্ঞান, নৈতিকতা ও চরিত্র গঠনে শেখ তাহির জালালুদ্দিনের আদর্শ অনুসরণের আহ্বান আনোয়ার ইব্রাহিমের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, শেখ তাহির জালালুদ্দিনের নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের শুধু তাঁর নামের উত্তরাধিকারী হলে চলবে না, তাঁর জ্ঞানচর্চা ও সংস্কারমূলক চেতনা ধারণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মূল সাফল্য ভবন বা অবকাঠামোর জাঁকজমকে নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও শিক্ষার্থীদের চরিত্র গঠনে, এমন মন্তব্য করেন তিনি।

বুকিত মেরতাজামে শেখ তাহির জালালুদ্দিন ইসলামিক রিলিজিয়াস স্কুলকে (এসএমকেএ) মালয়েশিয়ার ৬২তম এসএমকেএ হিসেবে উদ্বোধন এবং জাতীয় পর্যায়ের ‘মাজলিস নুকাবা’ অনুষ্ঠানের উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আনোয়ার বলেন, ফরাসি ইসলামি চিন্তাবিদ রজার গারোদির একটি বক্তব্য দিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। সেখানে বলা হয়েছে, অতীতের মহান ব্যক্তিত্বদের ইতিহাস তুলে ধরার উদ্দেশ্য শুধু তাঁদের স্মরণ করা বা অতীতকে আঁকড়ে থাকা নয়; বরং তাঁদের জ্ঞান ও সংগ্রামের আলো আবারও জ্বালিয়ে তোলা।

তিনি বলেন, শেখ তাহির জালালুদ্দিন শুধু জ্যোতির্বিজ্ঞান ও ফালাকিয়াতের একজন পণ্ডিত ছিলেন না; তিনি ছিলেন একজন সংস্কারক, যিনি ঔপনিবেশিক শাসনের সময়ে মুসলিম সমাজে ইসলামি চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

আনোয়ারের ভাষ্য, সেই সময় উপনিবেশবাদীরা শুধু ভূখণ্ড ও মাতৃভূমি দখল করেনি, মানুষের মন ও চিন্তাকেও নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। শেখ তাহির জালালুদ্দিনের নেতৃত্বে সংস্কার আন্দোলন মানুষের আত্মা, চিন্তা ও চরিত্রকে জাগ্রত করার একটি বৃহত্তর ইসলামি চেতনার জন্ম দিয়েছিল।

তিনি আরও বলেন, প্রয়াত ড. সিদ্দিক ফাজিল স্মরণ করিয়ে দিয়েছিলেন যে এই সংস্কার আন্দোলনের পেছনে শেখ মুহাম্মদ আবদুহর মতো মহান চিন্তাবিদদের প্রভাব ছিল। তাঁদের চিন্তাধারার ভিত্তি ছিল জ্ঞাননির্ভর সংস্কার, নিছক আবেগ বা বিদ্বেষ নয়।

শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে আনোয়ার বলেন, শেখ তাহির জালালুদ্দিনের নামের উত্তরাধিকার বহন করাই যথেষ্ট নয়; তাঁর জ্ঞানচর্চার চেতনাও ধারণ করতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত মূল্য তার ভবন বা অবকাঠামোর জাঁকজমকে নয়, বরং সেখানে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চায়।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত পরীক্ষা কথায় নয়, বরং সৎকর্ম ও ব্যক্তিত্বে। তাঁদের এমন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, যাঁদের জ্ঞান দৃঢ়, নৈতিকতা উন্নত এবং যাঁরা গালাগালি ও কটূক্তির সংস্কৃতিতে অভ্যস্ত নন।

সবশেষে আনোয়ার ইব্রাহিম এসএমকেএ শেখ তাহির জালালুদ্দিনের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য আল্লাহর কাছে প্রজ্ঞা, জ্ঞান ও তাকওয়ার পথে চলার শক্তি এবং তাঁর রহমত কামনা করেন।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »