বছর শেষেই শরণার্থী নিবন্ধন প্রকল্পের ফল পাওয়া যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় শরণার্থী নিবন্ধন নথি প্রকল্পের ফলাফল চলতি বছরের শেষ নাগাদ পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

মঙ্গলবার (২১ জুলাই) সাইবারজায়ায় ১০৪তম অভিবাসন দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশে থাকা শরণার্থীদের বিষয়ে আরও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের লক্ষ্যেই এই প্রকল্প পরিচালনা করা হচ্ছে।

সাইফুদ্দিন বলেন, নিবন্ধন সম্পন্ন হওয়া শরণার্থীদের বিষয়ে আরও বিশ্বাসযোগ্য, পূর্ণাঙ্গ ও বিস্তারিত তথ্যভান্ডার তৈরি করা সম্ভব হবে।

তিনি জানান, গত বছর থেকে চলতি বছরের জুন পর্যন্ত মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ১ লাখ ৩০ হাজারের বেশি ব্যক্তিকে আটক করেছে। একই সময়ে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৯২ হাজারের বেশি বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসন বিভাগ কোনো ধরনের আপস না করে আইন প্রয়োগের কার্যক্রম চালিয়ে যাবে বলে তিনি আশা করেন। এ কাজে সরকার ও মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে। এর অংশ হিসেবে আইন প্রয়োগে ব্যবহারের জন্য কৌশলগত সরঞ্জাম সংগ্রহের ব্যবস্থাও করা হবে।

এদিকে, অভিবাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাবটি বিবেচনার জন্য সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বাকার এবং সরকারি কর্মসংস্থান বিভাগের মহাপরিচালক ওয়ান আহমাদ দাহলান আবদুল আজিজের প্রতি আহ্বান জানিয়েছেন সাইফুদ্দিন।

তিনি বলেন, অভিবাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ত্যাগ ও দায়িত্বের স্বীকৃতি হিসেবে বেতন বাড়ানো উপযুক্ত হবে।

পরে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপপ্রধানমন্ত্রী ড. আহমাদ জাহিদ হামিদি এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, এটি একটি ভালো প্রস্তাব এবং যথাযথভাবে বিষয়টি বিবেচনা করা উচিত।

রসিকতা করে আহমাদ জাহিদ বলেন, মাসের শেষ দিকে অভিবাসন দিবসের উদ্‌যাপনের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী যেন কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দেন, এমন প্রত্যাশা করছেন তিনি।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »