কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তার এবং ডিজিটাল মাধ্যমে যাচাইবিহীন তথ্যের প্রবাহের এই সময়ে গণতন্ত্র রক্ষা ও মানুষের কাছে নির্ভুল, বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শনিবার মালয়েশিয়ায় সাংবাদিকতা সম্মাননা অনুষ্ঠানে তিনি দেশের সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সত্য, ভারসাম্যপূর্ণ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় দেশের সর্বোচ্চ সম্মান ‘কাজাই অ্যাওয়ার্ড’ অর্জনের জন্য সিনার হারিয়ানকে অভিনন্দন জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির পেশাদারিত্ব, নিষ্ঠা ও উৎকর্ষতারই প্রতিফলন।
প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সীমাহীন তথ্যপ্রবাহের যুগে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন বাস্তবতায় তথ্যভিত্তিক, নৈতিকতা ও জবাবদিহির ওপর প্রতিষ্ঠিত সাংবাদিকতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, তথ্য পরিবেশনকে আরও কার্যকর করতে প্রযুক্তির ব্যবহার অবশ্যই প্রয়োজন। তবে প্রযুক্তি যেন কখনো সাংবাদিকতার মূল ভিত্তি মানবিক মূল্যবোধ, বিচক্ষণতা এবং কঠোর তথ্য যাচাইয়ের বিকল্প না হয়ে ওঠে।
তিনি আরও বলেন, সংবাদ উৎপাদন ও তথ্য প্রচারে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু পেশাদার সাংবাদিকদের নৈতিক দায়িত্ব, সম্পাদকীয় বিচক্ষণতা এবং সত্য যাচাইয়ের ভূমিকা কখনোই প্রতিস্থাপন করতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম একটি সচেতন সমাজ গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং জ্ঞানভিত্তিক ও গঠনমূলক জনআলোচনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই।
সাংবাদিকদের উদ্দেশে আনোয়ার ইব্রাহিম আহ্বান জানিয়ে বলেন, ক্রমেই জটিল হয়ে ওঠা তথ্যপ্রবাহের এই সময়ে সত্যের পক্ষে দৃঢ় থাকতে হবে, সাংবাদিকতার নৈতিকতা সমুন্নত রাখতে হবে এবং সাহসের সঙ্গে জনগণ ও দেশের ভবিষ্যতের স্বার্থে দায়িত্ব পালন করে যেতে হবে।
তিনি বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি গণমাধ্যমকে নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ও জনআস্থার মৌলিক নীতিগুলোও সমানভাবে ধরে রাখতে হবে।