জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ-জেআইএম। শুক্রবার পুত্রজায়ায় জাতিসংঘের এক জ্যেষ্ঠ কূটনীতিকের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) হাজি আবদুল হালিম হাজি আবদুল রহমানের সঙ্গে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অন্যদিকে, জাতিসংঘের জেনেভা কার্যালয়ে মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত ও উপস্থায়ী প্রতিনিধি এলিনর স্যান্ডার্স উপস্থিত ছিলেন।
বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ, আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও কার্যকর করার কৌশল এবং মানবাধিকার সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় আইন প্রয়োগের ক্ষেত্রে কার্যকারিতা, পেশাদারিত্ব ও মানবাধিকার এই তিনটি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
এ ছাড়া পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার মানদণ্ডের প্রতি সম্মান বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, দেশের নিরাপত্তা রক্ষায় কঠোর, স্বচ্ছ ও সৎভাবে দায়িত্ব পালনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ্য বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে সংস্থাটি স্পষ্ট করে যে, তাদের সব ধরনের আইন প্রয়োগ কার্যক্রম মানবাধিকার এবং আইনের শাসনের নীতিমালা অনুসরণ করেই পরিচালিত হবে।
ইমিগ্রেশন বিভাগের মতে, এ ধরনের বৈঠক নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়ার পাশাপাশি বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।