মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মাদানি সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা প্রযুক্তি বা দক্ষতার ঘাটতি নয়, বরং দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্ত একটি গোষ্ঠীর মানসিকতা। বিশেষ করে সুবিধাভোগী কিছু প্রভাবশালী মহল এখনো পরিবর্তনের বিরোধিতা করছে।
শুক্রবার নেগেরি সেম্বিলানে এক অনুষ্ঠানে বক্তব্যে আনোয়ার বলেন, গত সাড়ে তিন বছরে সরকার পরিচালনার অভিজ্ঞতায় তিনি দেখেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং দুর্নীতি দমনের উদ্যোগ নিলেই পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রতিরোধ তৈরি হয়।
তিনি বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রযুক্তি বা জ্ঞানের অভাব নয়। আসল চ্যালেঞ্জ মানুষের মানসিকতা পরিবর্তন করা। আমরা যখন ব্যবস্থাকে সঠিক পথে আনতে চাই, তখন অনেকেই অস্বস্তি বোধ করেন। কারণ তারা দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও জবাবদিহিতাহীন একটি সংস্কৃতিতে অভ্যস্ত।’
প্রধানমন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সব সময় জনপ্রিয় নাও হতে পারে। তবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য এসব পদক্ষেপ অপরিহার্য।
আনোয়ার আরও বলেন, কোনো ব্যবস্থাই নিখুঁত নয়। সময়ের প্রয়োজন ও সুশাসনের স্বার্থে প্রতিনিয়ত সংস্কার ও উন্নয়ন অব্যাহত রাখতে হবে। এটি ধর্ম, সংস্কৃতি ও সভ্যতারও দাবি।
তিনি পুনর্ব্যক্ত করেন, মাদানি সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকার থেকে সরে আসবে না। সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকেই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে।
একই সঙ্গে তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতিকে প্রত্যাখ্যান এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সম্মিলিত উদ্যোগেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও উন্নত মালয়েশিয়া গড়ে তোলা সম্ভব।