মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নাইয়িল এম. লাতিপভ। শুক্রবার প্রায় ৩০ মিনিটের এ বৈঠকে বৈশ্বিক ভূরাজনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং মালয়েশিয়া-রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জ এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত লাতিপভ গত বছরের সেপ্টেম্বরে মস্কোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড পাবলিক অ্যাসেম্বলি সম্মেলনে মাহাথিরের ভার্চ্যুয়াল অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সংলাপকে সমৃদ্ধ করতে মাহাথিরের বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন লাতিপভ। একই সঙ্গে বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশটির অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সম্পর্কে তিনি অবহিত করেন। কৌশলগত বিনিয়োগের মাধ্যমে খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে রাশিয়া কীভাবে একটি প্রধান কৃষি উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে, সে বিষয়েও তিনি আলোকপাত করেন।
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, ইসলামি অর্থব্যবস্থার প্রতি রাশিয়ার আগ্রহ বাড়ছে। প্রায় দুই কোটি মুসলিম জনগোষ্ঠীর চাহিদা পূরণের পাশাপাশি আর্থিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে মালয়েশিয়া ও রাশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিও উঠে আসে। মাহাথিরের আগের শাসনামলে মালয়েশিয়ার রাশিয়ার তৈরি মিগ ও সুখোই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করেছিল বলে উভয় পক্ষ স্মরণ করেন।
সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ মত দেন, ক্রমেই জটিল হয়ে ওঠা বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে নিয়মিত সংলাপ ও যোগাযোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।