মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নকল ব্র্যান্ডের পোশাক বিক্রির অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ পাঁচজনকে আটক করেছে দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়—কেপিডিএন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জালান কেনাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে কেপিডিএনের এনফোর্সমেন্ট দল। অভিযানে আশপাশের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।
কর্তৃপক্ষ জানায়, এসব প্রতিষ্ঠানে আন্তর্জাতিকভাবে পরিচিত বিভিন্ন ব্র্যান্ডের নামে পোশাক বিক্রি করা হচ্ছিল। এর মধ্যে অ্যাডিডাস, হুগো বস, নাইকি এবং লিভাইসের নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে জব্দ করা কিছু পণ্য নকল অথবা ট্রেডমার্ক আইন লঙ্ঘনের মাধ্যমে বাজারজাত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিযান চলাকালে চারজন বাংলাদেশি নাগরিক এবং একজন স্থানীয় মালয়েশিয়ান পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৬২ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জব্দ করা পণ্যের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এসব পণ্যের উৎস, সরবরাহ চক্র এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবে ট্রেডমার্ক আইন লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
কেপিডিএন বলছে, নকল পণ্যের ব্যবসা নিয়ন্ত্রণ, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বৈধ ব্র্যান্ডের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পর সংশ্লিষ্ট আইন অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।