মালয়েশিয়ায় ইসলামভিত্তিক বেসরকারি সংস্থা ইকরাম এর হুলু সেলাঙ্গর শাখার এক সদস্যের বিরুদ্ধে প্রায় ৯৮ দশমিক ৩ মিলিয়ন রিঙ্গিতের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৫৮টি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ফাখরুদিন আব্দ করিম মঙ্গলবার শাহ আলম সেশনস কোর্টে হাজির হয়ে সব অভিযোগ অস্বীকার করেন। মামলার শুনানি শেষ হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।
অভিযোগ অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে ইকরাম এর হুলু সেলাঙ্গরের ব্যাংক অ্যাকাউন্টের অনুমোদিত স্বাক্ষরকারী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিজের পদের অপব্যবহার করেন। এই সময়ে প্রায় ৯৮.৩ মিলিয়ন রিঙ্গিতের লেনদেন সম্পন্ন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে ১৪৯টি পৃথক লেনদেনের মাধ্যমে প্রায় ৮১.৯৫ মিলিয়ন রিঙ্গিত একটি এনজিও অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়, যেখানে তার ব্যক্তিগত স্বার্থ ছিল বলে দাবি করছে প্রসিকিউশন। বাকি ৯টি অভিযোগে বলা হয়েছে, প্রায় ১৬.৩২ মিলিয়ন রিঙ্গিত তার নিয়ন্ত্রণাধীন দুটি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের মতে, এসব ঘটনা ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত হুলু সেলাঙ্গরের একটি কার্যালয়ে সংঘটিত হয়। মামলাটি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইনে দায়ের করা হয়েছে, যেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা হতে পারে।
আদালত পাঁচ লাখ রিঙ্গিত জামিন, পাসপোর্ট জমা এবং সাক্ষীদের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করার শর্তে জামিন মঞ্জুর করেছে। মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে ৭ আগস্ট।