যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে নাম লিখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৪ জুন) তিনি ৮০ বছরে পদার্পণ করেছেন। আর সেই উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজন করেছেন খাঁচার লড়াই (কেজ ফাইট)। হোয়াইট হাউসের সাউথ লনে অনুষ্ঠিত হচ্ছে ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ নামে এক বিশেষ মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) প্রতিযোগিতা।
গণমাধ্যমের তথ্যানুসারে, এই অনুষ্ঠানে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)-এর ১৪ জন তারকা যোদ্ধা অংশ নিচ্ছেন। তারা বিশালাকৃতির ‘দ্য ক্ল’ (The Claw) নামের অস্থায়ী এরিনার নিচে একে অপরের মুখোমুখি হবেন।
প্রায় ৬ কোটি মার্কিন ডলার ব্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে একই দিনে ট্রাম্পের ৮০তম জন্মদিন হওয়ায় অনেকের মতে এটি মূলত তার ব্যক্তিগত উদযাপনকেও কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।
সমালোচকরা হোয়াইট হাউসের মতো ঐতিহাসিক স্থানে এমন সহিংস ক্রীড়া আয়োজনের সমালোচনা করেছেন। তাদের মতে, ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ ধরনের আয়োজন রুচিসম্মত নয়।
পুরো অনুষ্ঠানের ব্যয় ইউএফসি বহন করছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইউএফসির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা ট্রাম্প এই আয়োজনকে এক অনন্য জাতীয় অনুষ্ঠান হিসেবে বর্ণনা করেছেন। মে মাসে ওভাল অফিসে কয়েকজন যোদ্ধাকে আতিথ্য দেয়ার সময় তিনি বলেছিলেন, ‘এটি এমন একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, যা সত্যিই আপনাদের ভালো লাগবে।’
এদিকে, আশির কোঠায় পা রাখলেও নিজের শারীরিক ও মানসিক কর্মক্ষমতা নিয়ে ট্রাম্প বেশ আত্মবিশ্বাসী। গত ২০২৪ সালের নির্বাচনি প্রচারণার সময় তিনি তৎকালীন ৮১ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে কটাক্ষ ও উপহাস করেছিলেন।
নিজের বিষয়ে ট্রাম্পের দাবি সম্পূর্ণ ভিন্ন। গত মাসে মাতৃস্বাস্থ্যসংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘আমি আজ থেকে ৫০ বছর আগে যেমন অনুভব করতাম, এখনও ঠিক তেমনই আছি। কেন এমনটা হয় আমি জানি না। আমি যে খুব ভালো খাবার খাই তাও কিন্তু নয়।’
ফাস্টফুড প্রেমী হিসেবে পরিচিত ট্রাম্প বার্গার, সোডা আর ভারী স্টেক খেতে ভালোবাসেন। নিজের এই খাদ্যাভ্যাস নিয়ে কৌতুক করে তিনি বলেন, ‘হয়তো জাংক ফুডই শরীরের জন্য ভালো, আর বাকি খাবারগুলো খারাপ! আমি এমন অনেক মানুষকে চিনি যারা রেস্তোরাঁয় গিয়ে শুধু শাকসবজি খায় এবং ওজন কমানোর চিন্তায় মগ্ন থাকে, অথচ এক দিন হুট করেই মারা যায়।’
গত ২৬ মে হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন বারবাবেলা প্রেসিডেন্টের বার্ষিক শারীরিক পরীক্ষা করেন। রিপোর্টে ট্রাম্পকে ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী বলে ঘোষণা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইসিজি রিপোর্টের বরাতে জানানো হয়, ট্রাম্পের হৃদযন্ত্রের কর্মক্ষমতা তার চেয়ে ১৪ বছর কম বয়সি কোনো যুবকের মতো।
১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা মেরি অ্যান ম্যাকলিওড। কুইন্সের জ্যামাইকা এস্টেটসে এক বিত্তশালী পরিবারে তার শৈশব কাটে। পাঁচ ভাইবোনের মধ্যে ট্রাম্প ছিলেন চতুর্থ।