লাপু-লাপু সিটি, ফিলিপাইন: ফিলিপাইনের সেবুতে অনুষ্ঠিত ৪৮তম আসিয়ান সম্মেলনে সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন হয়ে উঠেছেন ব্রুনাইয়ের প্রিন্স আবদুল মাতিন। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তার তোলা বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
প্রিন্স মাতিন তার বাবা সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে সম্মেলনে অংশ নেন। ব্রুনাইয়ের প্রতিনিধি হিসেবে সুলতান বলকিয়া আসিয়ানভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন।
ব্রুনাই সিংহাসনের উত্তরাধিকার তালিকায় পঞ্চম অবস্থানে থাকা প্রিন্স মাতিন তার ব্যক্তিত্ব ও উপস্থিতির কারণে সম্মেলনের বিভিন্ন আয়োজনে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো প্রিন্স মাতিনের সঙ্গে সাক্ষাৎকে “মিশন সম্পন্ন” বলে উল্লেখ করেন।
এছাড়া লাপু-লাপুর কংগ্রেসম্যান জুনার্ড “আহং” চ্যান এবং তার মেয়ে বাসাক বারাঙ্গাই ক্যাপ্টেন জেসমিন চ্যানও প্রিন্স মাতিনের সঙ্গে ছবি তোলেন। পরে জেসমিন মজার ছলে পোস্টে লেখেন, “এত সুন্দর কেন প্রিন্স আবদুল মাতিন?”— যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
অন্যদিকে লাপু-লাপু সিটির মেয়র সিন্ডি কিং-চ্যান জানান, তিনি প্রিন্স মাতিনের সঙ্গে ছবি তুলতে না পারলেও সুলতানের কাছ থেকে একটি উপহার পেয়েছেন।
তিনি বলেন, “সুলতান ও প্রিন্স মাতিনকে আবার লাপু-লাপু সফরের জন্য ধন্যবাদ। আশা করি আগামীতে আরও দীর্ঘ সময়ের জন্য আবার আসবেন।”
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ফিলিপাইনের ফার্স্ট লেডি লিজা আরানেতা মার্কোস আয়োজিত এক জাঁকজমকপূর্ণ গালা ডিনারে এসব কর্মকর্তা অংশ নেন।
এর আগে সুলতান হাসানাল বলকিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন নিজের বিমান নিজেই উড়িয়ে সেবুতে পৌঁছানোর কারণে। লাইসেন্সপ্রাপ্ত পাইলট হিসেবে পরিচিত ব্রুনাইয়ের এই সুলতান নিজেই বিমান চালিয়ে ম্যাকটান–বেনিতো এবুয়েন এয়ার বেসে অবতরণ করেন।
৮ মে পর্যন্ত চলা এই আসিয়ান সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন।