মাগুরায় বিএনপির দুইগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের বাটিকাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় ওয়ার্ড সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, পৌর এলাকার বাটিকাডাঙ্গা পাকার মাথায় দুইগ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।