কুয়ালালামপুর : দেশে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবস্থাপনা কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার। এ কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।
সোমবার (২০২৬ সালের প্রথম বৈঠক) শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনা সংক্রান্ত নিরাপত্তা ক্লাস্টারের ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতিত্বকালে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় এ ইস্যু আরও জটিল হয়ে উঠছে, যা সমন্বিত ও ধারাবাহিক মনোযোগ দাবি করে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিষদ, পররাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, ইসলামিক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (জাকিম) এবং শরিয়া বিচার বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় প্রধান গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা এবং একই সঙ্গে জাতীয় নিরাপত্তা নিশ্চিত রেখে শরণার্থী ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার ওপর।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালু হওয়া ‘ডকুমেন পেনদাফতারান পেলারিয়ান’ (DPP) বা শরণার্থী নিবন্ধন কর্মসূচি এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সম্পর্কে আরও নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ সম্ভব হবে, যা ভবিষ্যতে তদারকি ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করবে।
তিনি আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাপনায় আরও উন্নয়ন আনা হবে, যাতে শরণার্থী ইস্যু আরও স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং সবার জন্য উপকারীভাবে পরিচালিত হতে পারে।