শিরোনাম :

রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী, মনোনয়ন যাচাই-বাছাই শুরু আজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে শেষ দিনে দুই প্রার্থীর পক্ষে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে জমা পড়েছে দুটি মনোনয়নপত্র।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছিল রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে তিনটি মনোনয়নপত্র জমা পড়ে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র পাওয়া গেছে।

তিনি বলেন, জমা দেওয়া মনোনয়নপত্রগুলো নির্বাচনী বিধিমালা অনুযায়ী সঠিক আছে কি না, যাচাই-বাছাইয়ের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। এ কাজে জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তাও অংশ নেবেন। তিনি মনোনয়নপত্রে থাকা প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর যাচাই করবেন।

ইসি জানিয়েছে, যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। আগামী ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী, ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন সংসদ সদস্যরা।

দুই প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা স্পষ্ট হবে। এরপর ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় থাকায় নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতার চিত্রও তখন নিশ্চিত হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »