ঢাকা, ১০ সেপ্টেম্বর : রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যদি যুদ্ধবিরতি চুক্তি হয় এবং তার ফলে উভয় দেশের মধ্যে একটি বাফার জোন গড়ে ওঠে, তবে জাতিসংঘের আওতায় সেখানে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বাংলাদেশি সেনা মোতায়নের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনই এ নিয়ে বলার কিছু নেই। আমরা আশা করি যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতি হলে জাতিসংঘ নিশ্চয়ই ভূমিকা নেবে। আমাদের শান্তিরক্ষার অভিজ্ঞতা রয়েছে। যদি কোনো শান্তিরক্ষা কার্যক্রম হয়, তবে বাংলাদেশ অবশ্যই অংশগ্রহণ করতে চাইবে।”
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতি হলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৈরি হওয়া বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার জন্য সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো ন্যাটো-বহির্ভূত দেশ থেকেও শান্তিরক্ষী সেনা নেওয়া হতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ সেনা প্রেরণকারী দেশ। বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে হাজারো বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।