কুয়ালালামপুর: পিকেআর থেকে রাফিজী রামলি এর বিদায়ের পর পান্ডান সংসদীয় আসনের দায়িত্ব নিজের অধীনে নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও পিকেআর সভাপতি আনোয়ার ইব্রাহিম ।
শনিবার অনুষ্ঠিত ‘হিমপুনান সেটিয়া কেদিলান পান্ডান’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন পিকেআরের সহ-সভাপতি ও সেলাঙ্গর মেন্ত্রি বেসার আমিরুদ্দিন শাহারী।
তিনি জানান, প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা টেংকু জাফরুল আব্দুল আজিজ কে পান্ডান আসনের তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আমিরুদ্দিন বলেন, পান্ডান সংসদীয় সেবা কেন্দ্র ও দলীয় কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
“তেংকু জাফরুল সরকার ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে পান্ডানে দায়িত্ব পালন করবেন,” বলেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, সেলাঙ্গরের রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করায় আনোয়ারের অনুরোধেই তেংকু জাফরুলকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তেংকু জাফরুলকে আমপাং সংসদীয় আসনও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সেখানে স্থানীয় নেতৃত্ব পিকেআরের হাতেই রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে কয়েকজন শীর্ষ নেতার পদত্যাগ সত্ত্বেও দলীয় কার্যক্রমে কোনো দুর্বলতা আসেনি বলেও দাবি করেন আমিরুদ্দিন।
তিনি বলেন, “এ ধরনের পরিস্থিতি আমাদের জন্য নতুন নয়। এর আগে আজমিন আলী গোমবাক এবং জুরাইদা কামারুদ্দিন আমপাং ছাড়ার সময়ও আমরা একইভাবে পরিস্থিতি সামলেছি।”
গত সপ্তাহে রাফিজী রামলি এবং নিক নাজমী নিক আহমদ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে ১৯ মে তারা আনুষ্ঠানিকভাবে পিকেআর ত্যাগ করেন।
একই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে টেংকু জাফরুল আব্দুল আজিজ Tengku পান্ডান ও আমপাংয়ের তৃণমূল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “আমি হয়তো সেরা নই, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি জাতি, ধর্ম বা পটভূমি নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করব।”