যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং সামুদ্রিক নৌচলাচলের স্বাধীনতা নিয়ে বৈঠক করেছেন সৌদি আরব ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা।
রোববার রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি বৈঠকে মিলিত হন। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এবং উপসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে দুই দেশের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে আরব উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন দুই মন্ত্রী। তাঁরা বলেন, নিরাপদ সমুদ্রপথ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করেন তাঁরা। সৌদি আরব ও বাহরাইনের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা পুনরায় শুরু করার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা ৯ জুলাই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরব ও বাহরাইনের এই বৈঠক মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত কূটনৈতিক উদ্যোগেরই অংশ। দুই দেশই উত্তেজনা কমিয়ে শান্তি, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপভিত্তিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে।