মালয়েশিয়ার ২১৯তম পুলিশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রাজকীয় নৈশভোজে অংশ নিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। শুক্রবার সন্ধ্যায় সেলাঙ্গরের সুবাং জায়ায় অবস্থিত সানওয়ে রিসোর্ট হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠানে পৌঁছান রাজা সুলতান ইব্রাহিম। এ সময় তাঁকে স্বাগত জানান দেশটির পুলিশ মহাপরিদর্শক মোহদ খালিদ ইসমাইল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন শাখার শীর্ষ কর্মকর্তা, বিচার বিভাগ, প্রতিরক্ষা বাহিনী এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম)-এর ঊর্ধ্বতন সদস্যরা।
স্বাগত বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক বলেন, মহামান্য রাজার উপস্থিতি পুলিশ বাহিনীর জন্য বড় সম্মানের বিষয় এবং এটি বাহিনীর প্রতি রাজকীয় সমর্থনের প্রতিফলন। তাঁর উপস্থিতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করা হয়।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুলিশ সদস্যরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।
পুলিশ বাহিনীর ২১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি জনগণের নিরাপত্তা, শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করা পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বাহিনীর সদস্যদের ঐক্য, পেশাদারিত্ব ও জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে রয়্যাল মালয়েশিয়া পুলিশের অর্কেস্ট্রার পরিবেশনা এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় জোহর সালতানাতের ভূমিকা নিয়ে একটি বিশেষ মাল্টিমিডিয়া উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
রয়্যাল মালয়েশিয়া পুলিশের ২১৯তম পুলিশ দিবসের আনুষ্ঠানিক আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এ নৈশভোজে দেশজুড়ে বিভিন্ন ইউনিট থেকে প্রায় ৪০০ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অংশ নেন।