কুয়ালালামপুর: মালয়েশিয়ায় বর্তমানে মোট ১৭,৮৯৬ জন অনিবন্ধিত অভিবাসী (পিএটিআই) অভিবাসন আটককেন্দ্রে রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল।
বুকিত বেন্ডেরার সাংসদ সিয়ারলিনা আবদুল রশিদের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, এসব অভিবাসীকে অভিবাসন বিভাগের ২০টি আটককেন্দ্রে রাখা হয়েছে। এর মধ্যে ১৮টি স্থায়ী ডিপো ও দুটি অস্থায়ী ডিপো রয়েছে।
তিনি আরও জানান, বিদেশি শিশুদের জন্য ছয়টি আলাদা শিশু আটককেন্দ্র (বাইতুল মাহাব্বাহ) চালু রয়েছে। সবগুলো কেন্দ্রের সম্মিলিত ধারণক্ষমতা ২১,৫৩০ জন।
“যেকোনো সময় এসব কেন্দ্রে আটক থাকা ব্যক্তির সংখ্যা ১৬ হাজার থেকে ১৮ হাজারের মধ্যে ওঠানামা করে, যা গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার ওপর নির্ভর করে,” বলেন সাইফুদ্দিন।
বর্তমান আটক ব্যক্তিদের মধ্যে ৭৮ শতাংশ (১৩,৯৯২ জন) পুরুষ এবং ২২ শতাংশ (৩,৯৭৪ জন) নারী।
জাতীয়তার ভিত্তিতে দেখা যায়, চারটি দেশের নাগরিক ৯০.৭ শতাংশ আটক ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত। এর মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমারের ৭,৪৫৩ জন, এরপর ইন্দোনেশিয়ার ৩,৮১৭ জন এবং বাংলাদেশের ১,১৩৬ জন। এদের মধ্যে ৪,৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা।
তিনি আরও জানান, গড় আটক সময়কাল শূন্য থেকে তিন বছরের মধ্যে হয়ে থাকে এবং বর্তমানে আটক থাকা কোনো ব্যক্তির জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) কার্ড নেই।