মালয়েশিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৭১ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৪

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মালয়েশিয়ায় পৃথক তিনটি অভিযানে ১৭১ দশমিক ৬ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসব অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার রিঙ্গিত।

বুধবার (২৪ জুন) সেলাঙ্গর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজ্যের পুলিশপ্রধান কমিশনার শাজেলি কাহার।

পুলিশ জানায়, গত ১৭ থেকে ২২ জুনের মধ্যে এসব অভিযান চালানো হয়। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ওয়ানে দুটি তল্লাশি এবং নেগেরি সেম্বিলান ও সেলাঙ্গরে পৃথক অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় নাগরিক রয়েছেন।

প্রথম অভিযান চালানো হয় ১৭ জুন। কেএলআইএতে স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক দুটি লাগেজ শনাক্ত করা হলে ত্রিশোর্ধ্ব এক বিদেশি নাগরিককে আটক করা হয়। পরে লাগেজ তল্লাশি করে ২৯ দশমিক ৬ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ ৭০ হাজার রিঙ্গিত।

এছাড়া ১৮ জুন সেপাং ও নিলাই এলাকায় অভিযান চালিয়ে নেগেরি সেম্বিলানের বান্দার বারু এনস্টেকের একটি হোটেলের বাইরে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁদের লাগেজ তল্লাশি করে প্রায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেলাঙ্গরের বান্টিং এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ৭২ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধার করা এ চালানের মূল্য প্রায় ৮৬ লাখ ৪০ হাজার রিঙ্গিত বলে জানিয়েছে পুলিশ।

তৃতীয় অভিযান চালানো হয় ২২ জুন। কেএলআইএতে দুইটি লাগেজে সন্দেহজনক প্যাকেট শনাক্ত হওয়ার পর এক ইউরোপীয় নাগরিককে আটক করা হয়। পরে সেগুলো থেকে আরও প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার রিঙ্গিত।

সংবাদ সম্মেলনে শাজেলি কাহার বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে, বিশেষ করে কেএলআইএর দুই টার্মিনালে নজরদারি ও তল্লাশি জোরদার করায় মাদক জব্দের ঘটনা বেড়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শুধু কেএলআইএ থেকেই মোট ৬৫৩ দশমিক ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের মধ্যে ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »