মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে স্বাধীন মতামত ও জবাবদিহিমূলক ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। এ লক্ষ্যে দুর্নীতি সংক্রান্ত বিশেষ কমিটি (জেকেএমআর) এবং দুর্নীতি দমন উপদেষ্টা বোর্ডের (এলপিপিআর) নতুন সদস্যদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, ইয়াং ডি-পারতুয়ান আগংয়ের অনুমোদন পাওয়ার পর তিনি সংসদে নতুন সদস্যদের নিয়োগপত্র জমা দিয়েছেন।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের কার্যকারিতা বাড়াতে জেকেএমআর ও এলপিপিআর গুরুত্বপূর্ণ ‘চেক অ্যান্ড ব্যালান্স’ বা ভারসাম্য রক্ষাকারী কাঠামো হিসেবে কাজ করবে।
নবনিযুক্ত সদস্যদের উদ্দেশে আনোয়ার বলেন, দুর্নীতি প্রতিরোধ কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দায়িত্ব পালনে তাদের দৃঢ় অবস্থান নিতে হবে। বিভিন্ন পেশাগত ও সামাজিক পটভূমি থেকে এলেও দেশের স্বার্থে দুর্নীতিবিরোধী প্রচেষ্টা জোরদারের বিষয়ে সবাইকে একই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োগকারী সংস্থা, উপদেষ্টা প্রতিষ্ঠান, সংসদ, সরকারি ও বেসরকারি খাত এবং সামগ্রিকভাবে সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।