মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম। রোববার রাতে তিনি ও তাঁর স্ত্রী জেন ইত্তোগি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল–১ এ পৌঁছান।
রোববার স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে তাঁদের বহনকারী বাণিজ্যিক উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করে। সেখানে রয়্যাল রেঞ্জার রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের দুই কর্মকর্তা ও ২৬ সদস্যের একটি দল প্রেসিডেন্টকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে। দলটির নেতৃত্ব দেন ক্যাপ্টেন মুহাম্মদ হানাফি জাফর।
সফর উপলক্ষে প্রেসিডেন্ট থারমানকে স্বাগত জানান মালয়েশিয়ার উদ্যোক্তা ও সমবায় উন্নয়নমন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং, যিনি এ সফরের গ্রহণকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ভানু গোপালা মেননও উপস্থিত ছিলেন।
২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি থারমান শানমুগারত্নমের প্রথম মালয়েশিয়া সফর। দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণই এ সফরের মূল উদ্দেশ্য।
সিঙ্গাপুর বর্তমানে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৈশ্বিক বাণিজ্য অংশীদার এবং আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৪০২ দশমিক ৩৫ বিলিয়ন রিঙ্গিত, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি।
চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে মালয়েশিয়া–সিঙ্গাপুর দ্বিপক্ষীয় বাণিজ্য ১৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৮৯ দশমিক ৯০ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে। একই সময়ে ২০২৫ সালে এ পরিমাণ ছিল ১৬৫ দশমিক ৯৩ বিলিয়ন রিঙ্গিত।