মালয়েশিয়ার স্বাধীনতা, শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)। শুক্রবার পুত্রজায়ার দাতারান পাহলাওয়ান নেগারায় আয়োজিত জাতীয় বীর দিবস ২০২৬-এর কুচকাওয়াজ অনুষ্ঠানে তাঁদের স্মরণ করা হয়।
এ বছরের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ত্যাগের স্মরণ, প্রতিরক্ষা শক্তিশালীকরণ’। এর মধ্য দিয়ে চার দশকেরও বেশি সময় আগে সংঘটিত রক্তক্ষয়ী উলু লেগং ট্র্যাজেডিতে নিহত সাত বীর যোদ্ধার আত্মত্যাগ স্মরণ করা হয়। একই সঙ্গে দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যদের সাহস ও ত্যাগের চেতনাকে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল, স্বরাষ্ট্র উপমন্ত্রী শামসুল আনোয়ার নাসারাহ এবং মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক উপমহাসচিব আবদুল হালিম আবদুল রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা আরও জোরদার করা এবং মালয়েশিয়াকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ধরে রাখতে মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন করে যাবে।