সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টের জেরে মালয়েশিয়ায় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ওই পোস্টে দাবি করা হয়েছিল, তাঁর কাছে একই সঙ্গে মালয়েশিয়ার আন্তর্জাতিক পাসপোর্ট এবং বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা শুরু হলে তদন্তে নামে কর্তৃপক্ষ।
এ ঘটনায় পাহাং অঙ্গরাজ্যের অভিবাসন বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগ যৌথভাবে একটি বিশেষ তদন্ত দল গঠন করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়ানতানের বান্দার দামানসারা এলাকার জালান কুয়ানতানে একটি কনটেইনার ইউনিটে অভিযান চালানো হয়।
অভিযানে সেখানে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে মালয়েশিয়ার দুটি মেয়াদোত্তীর্ণ আন্তর্জাতিক পাসপোর্ট উদ্ধার করা হয়। পাসপোর্ট দুটির মেয়াদ শেষ হয়েছে যথাক্রমে ২০১৭ সালের ২৫ এপ্রিল এবং ২০২২ সালের ২৫ অক্টোবর। এছাড়া একজন মালয়েশীয় নাগরিকের নামে ইস্যু করা একটি সিফেয়ারার্স সার্ভিস বুকও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য কুয়ানতান অভিবাসন কার্যালয়ে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া পাসপোর্ট ও সিফেয়ারার্স সার্ভিস বুকের প্রকৃত মালিক কে, সেগুলো কীভাবে তাঁর কাছে এলো এবং ভ্রমণসংক্রান্ত নথির অবৈধ দখল বা অপব্যবহারের কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশটির ভ্রমণ নথির অবৈধ ব্যবহার বা দখলের অভিযোগকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনা না ছড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আইন লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।