বৈশ্বিক সংঘাত, পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও নিজস্ব নীতি ও অবস্থান ধরে রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যৎ প্রযুক্তিখাতের উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশটির অবস্থান অটুট থাকবে। তবে সময়ের পরিবর্তন ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, শুধু প্রচলিত শিল্প ও অর্থনৈতিক খাতের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়। এ কারণে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডেটা সেন্টার এবং ড্রোন প্রযুক্তিকে এখন দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতার প্রধান চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে।
আনোয়ার ইব্রাহিমের মতে, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে ব্যর্থ দেশগুলো পিছিয়ে পড়বে। অন্যদিকে উদ্ভাবন ও নতুন প্রযুক্তিতে সাহসী বিনিয়োগকারী দেশগুলোই ভবিষ্যতে নেতৃত্ব দেবে।
এ প্রেক্ষাপটে ‘মাইড্রোন এক্সপো ২০২৬’ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই আয়োজন ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে আগ্রহ সৃষ্টি, স্থানীয় প্রতিভা বিকাশ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, মাদানি সরকার গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীলতার অনুকূল পরিবেশ গড়ে তুলতে কাজ চালিয়ে যাবে, যাতে মালয়েশিয়া শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি উদ্ভাবনকারী, শিল্পখাতের নেতৃত্বদানকারী এবং বৈশ্বিক অগ্রগতির অংশীদার হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
সরকারের আশা, এই উদ্যোগ জ্ঞানভিত্তিক ও সহনশীল অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য নতুন সুযোগ ও টেকসই প্রবৃদ্ধির পথ তৈরি করবে।