মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করাবেন। চিকিৎসকের পরামর্শে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন) এ তাঁর অস্ত্রোপচার করা হবে।
সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে উপপ্রধানমন্ত্রীর কার্যালয় ও জ্বালানি রূপান্তর এবং পানি রূপান্তর মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ফাদিল্লাহ ইউসুফের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
তাঁর প্রেস সেক্রেটারি মিসিয়াহ তাইব বলেন, চিকিৎসকেরা ফাদিল্লাহকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসা ও দ্রুত সুস্থতার স্বার্থে এ সময় তাঁকে কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
ফাদিল্লাহ ইউসুফের পরিবার তাঁর সফল অস্ত্রোপচার ও দ্রুত সম্পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। সুস্থ হয়ে তিনি যেন আবারও তাঁর সরকারি দায়িত্বে ফিরতে পারেন, সে জন্যও জনগণের কাছে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।