প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষার পদ্ধতিকেও বদলাতে হবে। তবে সেই পরিবর্তনের কেন্দ্রে থাকতে হবে মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং মানুষের সঙ্গে মানুষের সংযোগ এমন মন্তব্য করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জামব্রি আবদ কাদির।
আজ বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওপেন ইউনিভার্সিটি মালয়েশিয়ার (ওইউএম) দ্বিতীয় বার্ষিক পাবলিক লেকচার সিরিজে পাঠানো এক বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর বক্তব্য পাঠ করে শোনান দেশটির উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. আজলিন্দা আজমান।
জামব্রি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে। এসব প্রযুক্তি শিক্ষায় প্রবেশাধিকার, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা এবং নমনীয়তা বাড়ানোর নতুন সুযোগ সৃষ্টি করেছে।
তবে প্রযুক্তিনির্ভর এই পরিবর্তনের মধ্যেও শিক্ষার মূল উদ্দেশ্য যেন হারিয়ে না যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। তাঁর ভাষায়, ‘প্রযুক্তিকে গ্রহণ করার পাশাপাশি শিক্ষাকে অর্থবহ করে তোলা জ্ঞান, দায়িত্ববোধ এবং মানবিক সংযোগের মূল্যবোধও সমানভাবে ধরে রাখতে হবে।’
উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোনো একক প্রতিষ্ঠান বা দেশের হাতে গড়ে উঠবে না বলেও মন্তব্য করেন জামব্রি। তিনি বলেন, এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা, সংলাপ এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষা খাতের এই পরিবর্তনের যাত্রা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতের চাহিদা পূরণে আজীবন শিক্ষার সুযোগ, বহুমুখী শিক্ষার পথ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।
‘বিয়ন্ড স্ট্যান্ডার্ড স্ক্রিপ্টস: ইম্যাজিনিং নিউ ফিউচার্স ইন ডিজিটাল এডুকেশন’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, হংকং ও জাপানের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২০২৬–২০২৭ মেয়াদের পাঁচজন নতুন ওইউএম গ্লোবাল ফেলো বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২০০০ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ওপেন ইউনিভার্সিটি মালয়েশিয়া তাদের করপোরেট ব্র্যান্ডে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে নতুন আধুনিক লোগোও উন্মোচন করে।