ভবিষ্যতের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী (এটিএম)। প্রযুক্তিনির্ভর হয়ে ওঠা বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থার পরিবর্তিত বাস্তবতায় নেতৃত্বের দক্ষতা ও সামরিক প্রস্তুতি বাড়াতে এআইকে অগ্রাধিকার দিচ্ছে দেশটির সামরিক বাহিনী।
এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার কুয়ালালামপুরের উইসমা পেরউইরা এটিএমের দেওয়ান পেরকাসায় মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর এআই নেতৃত্ব বিষয়ক সেমিনার ২০২৬ উদ্বোধন করেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল হাজি মালেক রাজাক বিন সুলাইমান।
অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড. জুলহেলমি বিন ইথনাইনসহ মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার প্রায় ৩০০ জন জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেন। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর সদর দপ্তর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইনটান)।
পাবলিক সেক্টর গভর্ন্যান্সের এআই লিডারশিপ প্রোগ্রামের আলোকে আয়োজিত এ সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বশেষ অগ্রগতি এবং প্রতিরক্ষা খাতে এর সম্ভাবনা ও ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকেরা জানান, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর নেতাদের প্রস্তুত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এআই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, সামরিক কার্যক্রমের দক্ষতা এবং সাংগঠনিক ব্যবস্থাপনা আরও উন্নত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
জটিল ও দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতিতে ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করার প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটেছে এ সেমিনারে।