মালয়েশিয়ার পেনাং অঙ্গরাজ্যের জর্জটাউনের চারটি স্থাপনায় যৌথ অভিযানে দুই বাংলাদেশিসহ ২০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।
শুক্রবার (১৭ জুলাই) পেনাং অভিবাসন বিভাগ জানায়, জাতীয় নিবন্ধন বিভাগ এর সঙ্গে যৌথভাবে পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের ১৬ জন এবং জেপিএনের ৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিবাসন আইন লঙ্ঘন করে বিদেশি কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে সন্দেহভাজন চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে মোট ২৮ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ২০ জন বিদেশি নাগরিককে পরবর্তী তদন্তের জন্য আটক করা হয়।
আটকদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং দুই শিশু রয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন ভারতীয়, দুই জন মিয়ানমারের এবং দুই জন বাংলাদেশের নাগরিক।
এ ছাড়া বিদেশি কর্মী নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে চারজন নিয়োগকর্তার বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পেনাং অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং নিয়োগকর্তাদের অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে অভিবাসন সংক্রান্ত অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিভাগটি। কর্তৃপক্ষ বলেছে, মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।