মালয়েশিয়ার পেনাং অঙ্গরাজ্যের বান্দার তাসেক মুতিয়ারার একটি নির্মাণস্থলে বৃহৎ পরিসরের সমন্বিত অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করেছে পেনাং রাজ্য অভিবাসন বিভাগ-জেআইএমপিপি। অবৈধ অভিবাসী দমন এবং দেশের অভিবাসন আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার এ ‘মেগা অপস’ পরিচালিত হয়।
অভিযানে পেনাং অভিবাসন বিভাগের পাশাপাশি কেদাহ রাজ্য অভিবাসন বিভাগ, পেনাং জাতীয় নিবন্ধন বিভাগ, পেনাং শ্রম বিভাগ এবং সেবেরাং পেরাই সিটি কাউন্সিল অংশ নেয়।
অভিযানের নেতৃত্ব দেন পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ। এ সময় উপপরিচালক (ব্যবস্থাপনা) সানজিথারান মাথাভান, ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইয়াপ সু শেং, এনফোর্সমেন্ট বিভাগের প্রধান আহমাদ ফিতরি আহমাদ রাবুদজি এবং অপারেশন ইউনিটের প্রধান ইঝাম ইদ্রিস উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বিদেশি শ্রমিক ও তাদের নিয়োগদাতাদের নথিপত্র ও কর্মপরিবেশ পরীক্ষা করে দেখা হয়। বিশেষ করে ইমিগ্রেশন অ্যাক্ট, ইমিগ্রেশন রেগুলেশনস এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের কোনো লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসন বা শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তি ও নিয়োগদাতাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পেনাং অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের উপস্থিতি নিয়ন্ত্রণ, নিয়োগদাতাদের আইনের প্রতি আরও দায়বদ্ধ করা এবং জননিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন সংস্থার সমন্বয়ে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।