প্রায় ৪ বছর আগে ঢাকার আশুলিয়ায় পরকীয়া প্রেমের জেরে স্বামী ইলিম সরকারকে হত্যার দায়ে স্ত্রী সুলতানা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সেই সঙ্গে তার প্রেমিক রবিউল করিম পিন্টুকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় দেন।
রায়ে আদালত সুলতানা ও রবিউলকে এক লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। সেই সঙ্গে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। এছাড়া পিন্টুর বন্ধু সাইফুল ইসলাম ওরফে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।
আলোচিত এ মামলার রায় ঘোষণার সময় ইউসুফ আদালতে উপস্থিত ছিলেন। মামলায় অভিযোগ থেকে জানা যায়, ইলিম সরকারের স্ত্রী সুলতানা আক্তার আসামি পিন্টুর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়লে বিষয়টি ইলিম সরকার জেনে যান। একপর্যায়ে পরকীয়ার জেরে সুলতানা আক্তার স্বামীকে হত্যার পরিকল্পনা করেন।
পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ২৮ মার্চ রাতে পিন্টু তার বন্ধু ইউসুফসহ আশুলিয়ার কাঠগড়া এলাকার সরকার বাড়িতে ইলিম সরকারকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় সেদিনই ভিকটিম ইলিম সরকারের বাবা হাজী ফসল হক সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।
একপর্যায়ে মামলার তদন্ত করে ২০২২ সালের ২৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। পরের বছর ১৬ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন।