জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমি যেহেতু ঢাকার সন্তান, ঢাকা থেকেই হয়তো আমাকে নির্বাচনে লড়তে হবে। রোববার (২ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। এ মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে জানাতে পারবো।
নাহিদ বলেন, যদিও আমরা নতুন রাজনৈতিক দল, এই এক দেড় বছরে আমাদের অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য, বিচার ও সংস্কার প্রশ্নে আমাদের কিন্তু অনেক শ্রম ও কার্যক্রম হাতে নিতে হয়েছে। আমরা দল গঠনে সে রকম সময় পাইনি।
তিনি বলেন, আমরা দল গঠনে পিছিয়ে থাকলেও নির্বাচন পেছানোর কথা ভাবিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য। এ জন্য আমরা ফেব্রুয়ারিকে ঘিরে আমাদের নির্বাচনের প্রস্তুতি নেবো।
এনসিপির আহ্বায়ক বলেন, এই নির্বাচনকে ঘিরে আমাদের সমস্ত পরিকল্পনা এমনটি নয়। আমরা নতুন রাজনৈতিক দল, আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। এই নির্বাচন আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে, প্রথম টেস্ট হবে। ভালো করি মন্দ করি এটা জনগণ বিবেচনা করবে। আমরা এই নির্বাচন এবং পরবর্তী সময়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামতেছি।
তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি, তবে এটা না করলেও আমরা যে নির্বাচনে যাব না, এমন অবস্থানে নেই। আমরা বলবো, কমিশনাকে আরও সক্ষমতা বাড়াতে হবে, আস্থার জায়গাটা আরও বৃদ্ধি করতে হবে। আগের নির্বাচন কমিশনারদের কী পরিণতি হয়েছে সেটাও যেন তারা বিবেচনায় রাখে। সব দলকে সমানভাবে ট্রিট করে এই আহ্বান আমাদের থাকবে।
তিনি বলেন, সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতি থেকেই তাদের হারিয়ে যেতে হবে।