বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, সরকার যদি তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে দেশের মাটিতে বিদায় জানাতে এবং ২০২৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলতে চান বলেও জানান।
বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন সাকিব। সেখান থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করতে তাঁর কোনো আপত্তি নেই।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি জানান, দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তাঁর দীর্ঘদিনের ইচ্ছা। পাশাপাশি ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করারও আশা রয়েছে তাঁর।
বর্তমানে সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া একটি হত্যা মামলাও রয়েছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। বলেন, যে ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলা করা হয়েছে, সেই সময় তিনি কানাডার টরন্টোতে একটি ক্রিকেট ম্যাচ খেলছিলেন।
এদিকে, সাকিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সরকার জানিয়েছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। প্রধান উপদেষ্টা তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সাকিব একজন অভিযুক্ত ব্যক্তি। তাই তাঁকে দেশের আইনের অধীন আদালতে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
সাক্ষাৎকারে সাকিব আরও জানান, ২০২৪ সালের শেষ দিকে নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার উদ্যোগ নিয়েছিলেন। তবে পথে থাকতেই তাঁকে ফিরে যেতে বলা হয় এবং তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরে আরেকবার দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায়। তাঁর দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর সেই পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।
এর এক দিন আগে নয়াদিল্লিতে শেখ হাসিনার উপস্থিতিতে একটি ভার্চ্যুয়াল গণমাধ্যম অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাকিবের মাগুরার পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সবশেষে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সাকিব বলেন, তিনি এখনো খেলা উপভোগ করছেন এবং ভালো খেলছেন। তবে বয়স তাঁর পক্ষে নেই, তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি সময় হাতে নেই।