মালয়েশিয়া ও থাইল্যান্ডের মধ্যে নতুন সীমান্ত সড়ক চালু হওয়ায় দুই দেশের বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার কেদাহ রাজ্যের বুকিত কায়ু হিতাম ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টিন ও সিকিউরিটি (আইসিকিউএস) কমপ্লেক্স এবং থাইল্যান্ডের সাদাও কাস্টমস, ইমিগ্রেশন ও কোয়ারেন্টিন (সিআইকিউ) কমপ্লেক্সকে সংযুক্ত করা নতুন সড়কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, মালয় উপদ্বীপের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে দক্ষিণ থাইল্যান্ডের অর্থনীতিও এর মাধ্যমে উপকৃত হবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, এই প্রকল্পকে দুই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, নতুন সড়ক চালু হওয়ায় সীমান্ত দিয়ে যানবাহন চলাচল সহজ হবে, অভিবাসন কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন হবে এবং মালয়েশিয়া-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি হবে।
আনোয়ার ইব্রাহিম জানান, পণ্যবাহী ট্রাককে ঘণ্টার পর ঘণ্টা সীমান্তে অপেক্ষা করতে হবে এমন কোনো কারণ নেই। অযৌক্তিক বিলম্ব দূর করে দ্রুত ছাড়পত্র নিশ্চিত করতে হবে। এতে সময় ও ব্যয় কমবে, যার সুফল পাবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
এদিকে, মালয়েশিয়া সফররত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, জনগণ সরকারকে কথার ভিত্তিতে নয়, বাস্তব কাজ ও দৃশ্যমান পরিবর্তনের ভিত্তিতে মূল্যায়ন করে।
আনোয়ার ইব্রাহিম বলেন, জোহর-সিঙ্গাপুর বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে মালয়েশিয়া ইতিমধ্যে বাস্তব উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৭৭ বিলিয়ন রিঙ্গিত ছাড়িয়েছে। একই ধরনের অঙ্গীকার নিয়ে কাজ করলে থাইল্যান্ডের সঙ্গেও আরও বড় সাফল্য অর্জন সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
সীমান্ত এলাকায় একসঙ্গে সফর করার জন্য অনুতিনকে ধন্যবাদ জানিয়ে আনোয়ার বলেন, সাধারণত রাষ্ট্রনেতারা রাজধানীতেই বৈঠক করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সীমান্ত ও অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চল পরিদর্শনের মাধ্যমে সেসব এলাকার উন্নয়নের সুযোগ সরেজমিনে দেখা যায়।
মালয়েশিয়ায় অনুতিন চার্নভিরাকুলের দুই দিনের সরকারি সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল এই নতুন সড়কের উদ্বোধন।
এর আগে, বৃহস্পতিবার দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন। সফরের অংশ হিসেবে পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হন।