নতুন প্রজন্মের মাইক্যাড ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার জাতীয় নিবন্ধন বিভাগ (এনআরডি)। এ কারণে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত মাইক্যাড প্রিন্টিং সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বিভাগটি।
এনআরডি জানিয়েছে, বর্তমানে ব্যবহৃত মাইক্যাড ব্যবস্থার পরিবর্তে নতুন প্রজন্মের মাইক্যাড চালুর প্রক্রিয়া চলছে। এ কারণে যাঁদের জরুরি ভিত্তিতে মাইক্যাড পরিবর্তন বা নবায়নের প্রয়োজন নেই, তাঁদের আপাতত আবেদন বা সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে প্রথমবারের মতো মাইক্যাডের জন্য আবেদন করতে যাওয়া শিশুদের অভিভাবকদের কিছুদিন অপেক্ষা করার আহ্বান জানিয়েছে এনআরডি। ১২ বছর বয়সে পৌঁছানো শিশুদের নতুন প্রজন্মের মাইক্যাড চালু হওয়ার পর আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা নতুন কার্ডটি পেতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এনআরডি জনগণের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে। নতুন প্রজন্মের মাইক্যাড নিয়ে পরবর্তী তথ্য জানতে বিভাগটির সরকারি যোগাযোগমাধ্যম অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।