বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে শুক্রবার (২ আগস্ট) দুপুরে জুমার নামাজ শেষে রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ থেকে হাইকোর্ট এলাকা ঘুরে শাহবাগ পর্যন্ত মিছিল করেছে দিকে কয়েকশ মানুষ।
শাহবাগে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল করে তারা প্রেস ক্লাবে যান। সেখানে প্রায় তিন হাজার মানুষের জমায়েত হয়। প্রেস ক্লাবে কর্মসূচি শেষে বিশাল মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন হাজারো বিক্ষোভকারী। এ সমাবেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, অধিকারকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ আছেন। হাজারো মানুষের স্লোগানে শহীদ মিনার প্রাঙ্গন মুখরিত হয়ে আছে।

রাজধানীর মিরপুর-১০ এ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে স্বৈরাচারী পুলিশের বাঁধা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জে পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকালে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া (২৪)। তিনি পেশায় শ্রমিক।
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) বিকালে উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচির সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকেরা উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়। অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে জড়ো হয়।
বিকাল সোয়া ৪টার পর আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করে। এ সময় পুলিশসহ নেতাকর্মীরা একত্রিত হয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
সবশেষ জানা গেছে, জমজম টাওয়ারের সামনের সড়কে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের অবস্থান রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছে।
