ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দক্ষিণ-পূর্ব দিল্লি ও দক্ষিণ দিল্লিতে পৃথক অভিযান চালিয়ে দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিরা অবৈধভাবে ভারত প্রবেশ করেছিল এবং অভিযান চলাকালীন বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে দক্ষিণ জেলা থেকে ১৩ জন এবং দক্ষিণ পূর্ব জেলা থেকে ১১ জন অবৈধভাবে বসবাস করছিল। এছাড়া, পুলিশের তদন্তে আরও ১০ জনের বেশি ব্যক্তির নথিপত্র পরীক্ষা চলছে।
গত মঙ্গলবার (১১ মার্চ) দিল্লি পুলিশ শহরের বিভিন্ন এলাকায় আরও পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে যারা অবৈধভাবে দিল্লিতে বসবাস করছিল। পুলিশ জানিয়েছে, দুইজন সদর বাজারে এবং তিনজন আউটার ডিসট্রিক্ট থেকে আটক হয়েছেন। এদেরও বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে। এই অভিযান এখনও চলমান রয়েছে।