তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া ত্যাগ করেছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম। আজ মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল–১ থেকে বাণিজ্যিক ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সে পৌঁছালে প্রেসিডেন্ট থারমানকে রয়্যাল রেঞ্জার রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের দুই কর্মকর্তা ও ২৬ সদস্যের একটি গার্ড অব অনার প্রদান করা হয়। ক্যাপ্টেন মুহাম্মদ হানাফি জা’আফারের নেতৃত্বে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এ সময় মালয়েশিয়ার উদ্যোক্তা উন্নয়ন ও সমবায়মন্ত্রী স্টিভেন সিম উপস্থিত থেকে প্রেসিডেন্ট থারমান, তাঁর স্ত্রী জেন ইত্তোগি এবং সফরসঙ্গীদের বিদায় জানান।
মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে গত রোববার দেশটিতে রাষ্ট্রীয় সফর শুরু করেন থারমান। ২০২৪ সালের ৬ ও ৭ মে সুলতান ইব্রাহিমের সিঙ্গাপুর সফরের প্রতিদান হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়। পাশাপাশি এটি দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন বলেও উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল থারমান শানমুগারত্নমের প্রথম মালয়েশিয়া সফর।
সোমবার তাঁকে রাষ্ট্রীয়ভাবে স্বাগত জানানো হয়। পরে তিনি ইস্তানা নেগারায় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই দিন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আবদুল গনি এবং স্টিভেন সিম উপস্থিত ছিলেন।
সফরের শেষ দিনে মঙ্গলবার সেলাঙ্গরের সুলতান শরাফউদ্দিন ইদ্রিস শাহ ইস্তানা আলম শাহে প্রেসিডেন্ট থারমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।