মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়। ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে আয়োজিত এই আন্দোলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষক অংশ নেন।
অবস্থান কর্মসূচির কারণে পল্টন থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
শিক্ষকদের দাবিগুলো
এর আগে গত ১৩ আগস্ট, একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় সমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সেদিন শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনায় বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসবভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে দুই মাস পেরিয়ে গেলেও কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষোভ বাড়ে শিক্ষকদের মধ্যে।
পরবর্তীতে গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে, অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা এবার লাগাতার অবস্থান কর্মসূচিতে নামেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন,
“১৩ আগস্ট শিক্ষা উপদেষ্টা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো পরিপত্র জারি হয়নি। উল্টো ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। এই আন্দোলন শিক্ষকদের অস্তিত্বের প্রশ্ন।”
ঢাকা ছাড়াও বিভিন্ন জেলার এমপিওভুক্ত শিক্ষকরা এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।