মালয়েশিয়ার জাতীয় দিবসের ভাষণে দেশটির নাগরিকদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগের ঘোষণা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এসব উদ্যোগের লক্ষ্য হবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা জোরদার করা।
আগামী ৩০ আগস্ট জাতীয় দিবসের আগের দিন ভাষণ দেবেন আনোয়ার। সেখানে সরকারের সংস্কার কার্যক্রম এবং ‘মাদানি’ কাঠামোর আওতায় নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরার কথা রয়েছে।
জীবনযাত্রার বাড়তি ব্যয় ও অর্থনৈতিক চাপের মধ্যে থাকা মানুষের জন্য সামাজিক সুরক্ষা বাড়ানো এবং সহায়তার বিষয়ে নতুন পদক্ষেপ ঘোষণা করা হতে পারে। সরকারের নীতির সুফল যাতে সরাসরি সাধারণ মানুষ পায়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।
এর আগে আনোয়ার জানিয়েছিলেন, জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস ঘিরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে। আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া দিবসেও আরেকটি বড় ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এদিকে ধোঁয়াশা পরিস্থিতির কারণে দাতারান মেরদেকার পরিবর্তে পুত্রাজায়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় দিবসের ভাষণ দেবেন আনোয়ার। অতিথি ও সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়।
আনোয়ারের ভাষণে নতুন উদ্যোগগুলোর বিস্তারিত এবং অর্থনীতি ও সামাজিক নীতিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে, সেদিকেই এখন নজর রয়েছে।